স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা এবং কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব—শিক্ষা খাতে এই তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, প্রথম অগ্রাধিকার হিসেবে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে ফেরানো এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে স্থিতিশীল ও মনোযোগী শিক্ষা কার্যক্রম নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
দ্বিতীয়ত, বিদ্যমান জাতীয় কারিকুলাম পর্যালোচনা (রিভিউ) করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তিনি জানান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে টেকনিক্যাল বা কারিগরি শিক্ষায় জোর দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়ন অপরিহার্য।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দুর্নীতি হবে না, হতে পারে না—আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/বাবি