স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রায় ১৯ বছর পর সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।
দলীয় মহলে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুলের ওপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা এবং সমবায় খাতকে সক্রিয় করার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।