রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর রোজার বিশেষ অফার হিসেবে বাড়তি দুই পণ্য - ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে।
বিক্রয় কার্যক্রম চলবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত, শুক্রবার ও ছুটির দিন বাদে। এ সময় ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে পাওয়া যাবে।
দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন নিম্নআয়ের জনগণ এসব পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য পৌঁছে দেওয়া হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর কিনতে পারবেন।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি এবং অন্যান্য ৭টি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। বাকি ৫৫ জেলায় ৫টি করে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য পৌঁছে যাবে।
ফ্যামিলি কার্ডধারীর জন্য নিয়মিত বিক্রয় কার্যক্রম আগের মতো চলবে। তাদের কাছে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও মসুর ডাল সরবরাহ অব্যাহত থাকবে, তবে রমজানে ছোলা ও খেজুর নির্দিষ্ট মূল্যে বিক্রি হবে।
রিপোর্টার্স২৪/আরকে