স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠপট্টি এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নিভিয়ে ফেলতে আরও সময় লাগবে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, আগুনের সূত্রপাত ডায়মন্ড টিম্বারস নামের একটি স’মিল থেকে হয়। স’মিলে প্রচুর কাঠ থাকায় আগুন দ্রুত পাশের পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে, যেখানে বিভিন্ন পণ্যের গোডাউন হিসেবে প্লাস্টিক, প্যাম্পারস এবং কাঠের আসবাবপত্র রাখা ছিল।
তিনি বলেন, আগুনের তীব্রতা ও ভবনের নকশার কারণে আগুন নিয়ন্ত্রণে প্রবেশ করা কঠিন ছিল। প্রধান লক্ষ্য ছিল আগুন যেন কারওয়ান বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে। তিনটি স্টেশনের ১১টি ইউনিট ক্রমান্বয়ে কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, ভবনের ভিতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য পদার্থের কারণে সম্পূর্ণ নির্বাপণ (ড্যাম্পিং ডাউন) করতে আরও সময় লাগবে। কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অন্যান্য এলাকায় আগুন ছড়ানো রোধে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি