সিনিয়র রিপোর্টার: লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ সূচক প্রকাশ করেছে। নতুন এ সূচকে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠে এসেছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম।
সূচক নির্ধারণে একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন—সেই সক্ষমতাকে বিবেচনায় নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধা পান।
আগের মতোই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে আছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
ইউরোপের বেশিরভাগ দেশ শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়ে রয়েছে। চতুর্থ স্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ।
পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।
ষষ্ঠ স্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
আর সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া ও যুক্তরাজ্য।
বিশ্লেষকদের মতে, পাসপোর্টের শক্তিমত্তা একটি দেশের কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশের অবস্থান দুই ধাপ উন্নীত হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি