স্টাফ রিপোর্টার: আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। একিউআই স্কোর ২২৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে মহানগরীটি। এই মাত্রার বায়ুগুণকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য স্পষ্ট সতর্কবার্তা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে আসে।
একই সময়ে ৩০২ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার। তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২৮৪), তৃতীয় স্থানে মিশরের কায়রো (স্কোর ২৫৫), চতুর্থ স্থানে কাতারের দোহা (স্কোর ২৫১) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (স্কোর ২২৭) অবস্থান করছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১–১০০ ‘মাঝারি’, ১০১–১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। ৩০১ ছাড়ালে পরিস্থিতি ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছে যায়, যা সবার জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরে যাওয়া ও দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।
দূষণের এই ক্রমাবনতি রাজধানীবাসীর জন্য নতুন নয়। তবে প্রতিদিনের তালিকায় শীর্ষ সারিতে নাম উঠে আসা পরিবেশ ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তাকেই আবারও সামনে নিয়ে এসেছে।
রিপোর্টার্স২৪/ঝুম