স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ সংলগ্ন এলাকা থেকে তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়। আটক অপর চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে দুপুরে অধ্যাপক জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২-এ যাওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ উল্লেখ করে লেখেন, ধানমন্ডি ৩২-এ জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকাল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।
আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে তাদেরকে আটক করা হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি