রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে দেখা মিলেছে জোরালো ঊর্ধ্বগতির। রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিটেই বড় অঙ্কের লেনদেন ও সূচকের শক্ত অবস্থান বাজারে ইতিবাচক প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে।
বাজারের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১১ পয়েন্টের বেশি। একই সময়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকায়- যা সাম্প্রতিক সময়ে পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেনের গড় অঙ্কের কাছাকাছি।
লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সবকটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৫২টির দাম বেড়েছে, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধির ফলে সূচকে বড় উত্থান দেখা যায়।
এ সময় ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৫ হাজার ৫১১ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। নির্বাচন-পরবর্তী প্রথম দিনেই এমন জোরালো উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা সঞ্চার করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/আরকে