| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৮:৫১:০২:অপরাহ্ন  |  ৭০৫৭৬৮ বার পঠিত
বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক সন্দীপ চক্রবর্তী, যিনি বর্তমানে ইন্দোনেশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের পর সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১৯৯৬ সালে ভারতীয় পররাষ্ট্রসেবায় (আইএফএস) যোগ দেওয়া সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে আছেন। এর আগে পেরু ও বলিভিয়ায় ভারতের রাষ্ট্রদূত, নিউইয়র্কে কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় ভারতীয় মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন–সংক্রান্ত বিভাগের যুগ্মসচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণয় ভার্মা। ২০২২ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্বে থাকা এই কূটনীতিক প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন বলে জানা গেছে। এ সময়ের মধ্যে নতুন হাইকমিশনার নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

কূটনৈতিক অঙ্গনে ‘ব্যাক-চ্যানেল’ যোগাযোগে প্রণয় ভার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখতে তিনি সক্রিয় ছিলেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে ঢাকায় নতুন হাইকমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও আরও শক্তিশালী করতে তাকে সক্রিয় ও কৌশলী ভূমিকা রাখতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪