স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর কয়েকটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩ শতাংশের মধ্যে। ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৫—এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
কয়েকটি কেন্দ্রের তথ্য অনুযায়ী, একটি ভোট সম্পন্ন করতে গড়ে দুই থেকে তিন মিনিট সময় লাগছে। তবে এটি সব কেন্দ্রের সামগ্রিক চিত্র নয়।
প্রথমবার ভোটে উচ্ছ্বাস
সকাল সাড়ে ৭টার পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। ঢাকা-১১ আসনের এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে প্রথমবার ভোট দেন সাদিয়া আক্তার। তিনি বলেন, ভোট দিতে এসে কোনো সমস্যা হয়নি। একইভাবে বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইন্নি আক্তার (২২)। সাভার থেকে দুই দিন আগে এসে ভোট দিয়েছেন তিনি। প্রথমবার নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ঢাকা-১৫: ১৩ শতাংশের বেশি ভোট
বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৩০০ ভোট পড়েছে। মোট ভোটার ২ হাজার ২০০ জনের চারটি বুথে ভোট পড়ার হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৩ শতাংশ। প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রটিতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা উপস্থিত রয়েছেন।
ঢাকা-১২: ৭ থেকে ১২ শতাংশ
নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই ঘণ্টায় ২২৫টি ভোট পড়েছে, যা মোট ২ হাজার ৮৫৪ ভোটারের প্রায় ৮ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নারী কেন্দ্রে ২ হাজার ৫৬৫ ভোটারের মধ্যে ১৭২টি ভোট পড়ে—হার প্রায় ৭ শতাংশ। একই প্রতিষ্ঠানের আরেক কেন্দ্রে ১ হাজার ৪২৬ ভোটারের মধ্যে ১৮০ জন ভোট দিয়েছেন, যা ১২ দশমিক ৬২ শতাংশ।
বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬ হাজার ৭৩৭ ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ে ৪৬০টি, অর্থাৎ প্রায় ৭ শতাংশ।
ঢাকা-১৩: ৭ শতাংশের কিছু বেশি
মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের দুটি কেন্দ্রে মোট ৪ হাজার ৯৯৩ ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। পুরুষ কেন্দ্রে ২ হাজার ৬৪০ ভোটারের মধ্যে ২০০ জন (৭ দশমিক ৫৭ শতাংশ) এবং নারী কেন্দ্রে ২ হাজার ৩৫৩ ভোটারের মধ্যে ১৫৮ জন (৬ দশমিক ৭১ শতাংশ) ভোট দিয়েছেন।
ঢাকা-১৪: ১২ শতাংশের বেশি
বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৩৪৪টি ভোট পড়ে। মোট ২ হাজার ৭৯৯ ভোটারের মধ্যে ভোটের হার ১২ দশমিক ২৯ শতাংশ।
সার্বিকভাবে রাজধানীর এসব কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও তুলনামূলক দ্রুত, কোথাও কিছুটা ধীরগতিতে ভোট পড়লেও ভোটারদের অংশগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব