| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণনার পর ৫০ লাখ বেড়ে হলো ৭৪, অসুস্থ হয়ে হাসপাতালে সেই জামায়াত নেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৯:২৫:৩৭:অপরাহ্ন  |  ৭২২৬৯০ বার পঠিত
গণনার পর ৫০ লাখ বেড়ে হলো ৭৪, অসুস্থ হয়ে হাসপাতালে সেই জামায়াত নেতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: নীলফামারী বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছ থেকে জব্দকরা টাকার প্রকৃত পরিমাণ জানা গেছে। সকালে আটকের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন জানিয়েছিলেন তার কাছে ৫০ লাখ টাকা আছে। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেছিলেন, গণনার পর প্রকৃত টাকার পরিমাণ জানা যাবে। তবে বিকেলে গণনার পর সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ টাকায়।

এর আগে (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তাঁর লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাঁকে আটক করা হয়।

আটকের সময় সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেছিলেন, আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

এদিকে আটকের পর অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতের এই নেতা। বিকেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

এ নিয়ে অভিযোগ করেছেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল। তিনি বলেন, ‘বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ মানুষ। যে টাকার কথা বলা হচ্ছে, সেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে আটক করে আজ একটি অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করার ঘটনায় ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, উদ্ধার করা অর্থ নির্বাচন-সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। আইনশৃঙ্খলা বাহিনী মিথ্যা নাটক সাজিয়েছে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর এটা একটি সাজানো নাটক। তিনি (আমির বেলাল) তাঁর ব্যবসার কাজে আসা-যাওয়া করেন—এরই মধ্যে স্পষ্ট করেছেন। ব্যাংক বন্ধ, এজন্য লেনদেন করতে হয়—সেটাও তিনি বলেছেন। এজন্য তাঁর সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘একজন মানুষ ব্যবসা করতে পারেন, তাঁর পরিবার বা অন্য প্রয়োজনে এটি তিনি বহন করতে পারেন। এয়ারপোর্টের মতো একটি রেস্ট্রিকটেড এরিয়াতে, যেখানে সীমিত মানুষের চলাফেরা, সেখানেও একটি নাটক সাজানো হয়েছে যে তিনি টাকা নিয়ে যাচ্ছেন। এটাকে একটি ইস্যু করার জন্য বিভিন্ন নিউজ করানো হচ্ছে।’

রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪