রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এ ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন একটানা অবকাশ।
এদিকে নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির পরিধি আরও দীর্ঘ হয়েছে। আজ থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত—মোট পাঁচ দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি নির্ধারিত হয়েছে।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। আর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে টানা পাঁচ দিনের বিরতি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়েছিল।
গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি বহাল থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও কার্যকর থাকবে।
নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম