| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের ফল প্রকাশের তারিখ জানাল ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৫:০৭:২৭:অপরাহ্ন  |  ৭৪৭৩০০ বার পঠিত
নির্বাচনের ফল প্রকাশের তারিখ জানাল ইসি

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ভোটের পরদিনই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফল প্রকাশে তিন দিন সময় লাগতে পারে,এমন গুঞ্জন নাকচ করে কমিশন জানিয়েছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা সম্ভব হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এবারের নির্বাচনী পরিবেশ অতীতের সব নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও অনুকূল।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন ঘিরে যেসব শঙ্কা ও উদ্বেগ ছিল, সেগুলো সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।’

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে কি না;এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন সময় লাগবে না। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা সম্ভব হবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে ফল আসতে সামান্য দেরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। তার ভাষায়, অতীতের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত এবং সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে। প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটকেন্দ্রের তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে।

এ ছাড়া যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান নির্বাচন কমিশনার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪