| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ১

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ২৩:৫৭:০৫:অপরাহ্ন  |  ৭৬২৩০৭ বার পঠিত
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ১

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ডেইরি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত একটি মাঠে এ ঘটনা ঘটে।

আহত আজিমকে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, বিকেলে আজিম ফার্মের পাশের খোলা মাঠে ঘাস কাটতে যান। ঘাস কাটার সময় হঠাৎ কাঁচির আঘাতে বলের মতো দেখতে একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের তালু গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং বাম পায়ের রানেও আঘাত লাগে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল, যা আগে থেকেই মাঠে পড়ে ছিল। অসাবধানতাবশত ঘাস কাটার সময় সেটিতে আঘাত লাগায় বিস্ফোরণ ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে ককটেল বিস্ফোরণে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাতের তালু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাম পায়ের রানেও আঘাত রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরকটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪