| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগের হামলার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ০১:৫৪:২৮:পূর্বাহ্ন  |  ৭৬২৮৯৮ বার পঠিত
শাহবাগের হামলার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজাদী যাত্রার আয়োজনে শহীদ মির মুগ্ধ মঞ্চ থেকে শুরু হওয়া এই মিছিলটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শিশু-কিশোর, ছাত্রজনতা ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভকারীরা জানান, হাদি হত্যার বিচার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরাও আহত হয়েছেন। তারা বলেন, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, “হাদি হত্যার বিচার চাই”, “সাংবাদিকের উপর হামলা কেন?”, “শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা বন্ধ করো”। তারা অবিলম্বে শাহবাগে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, নাগরিকদের ন্যায়সঙ্গত দাবি দমনে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। প্রশাসনের প্রতি তারা দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও আয়োজকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪