| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে-স্কেল দাবিতে আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে গেলেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৪:০৪:৩৯:অপরাহ্ন  |  ৭৯৭৪৯৬ বার পঠিত
পে-স্কেল দাবিতে আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে গেলেন
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নবম পে-স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের এলাকা থেকে সরে গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর তারা শাহবাগের দিকে চলে যান। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

এর আগে সকাল সাড়ে ১১টার পর থেকে সারাদেশ থেকে আগত হাজারো সরকারি কর্মকর্তা-কর্মচারী যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে যমুনার উদ্দেশে যাত্রা করেন।

শাহবাগ মোড়ে পৌঁছালে প্রথম দফায় পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে আন্দোলনকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার সামনে অবস্থান নেন এবং সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বেলা সাড়ে ১১টার পর সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করা হলেও তারা তা প্রত্যাখ্যান করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা রমনা পার্কের ভেতরে ঢুকে পড়েন। সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

দুপুর ১২টার পর পুলিশ আরও কঠোর অবস্থান নেয়। এ সময় একাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চার থেকে পাঁচজন আন্দোলনকারীকে আটক করে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে আসা আন্দোলনকারীও রয়েছেন।

আন্দোলনকারী শাহাদাৎ বলেন, আমরা পুলিশের এই হামলার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের ন্যায্য আন্দোলন। দীর্ঘ নয় মাস ধরে পে কমিশন সবকিছু পর্যালোচনা করে প্রতিবেদন দিয়েছে। এখন শুধু গেজেট প্রকাশের অপেক্ষা।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার টালবাহানা করছে। নির্বাচনের পর এ বিষয়টি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ যারা আমাদের ওপর হামলা করেছে, তারাও তো এই পে-স্কেলের সুবিধাভোগী হবে।

এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪