সিনিয়র রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে ‘অত্যন্ত ভালো’ বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাওয়ার কথাও বলেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
পে কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশনের সুপারিশ একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বিষয়। এসব সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি বেতন কাঠামো বাস্তবায়নে ধাপে ধাপে (ফেজওয়াইজ) বাজেট সংস্থানের ব্যবস্থাও করে যাওয়া হচ্ছে।
পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না,এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে দিয়ে আমরা সুপারিশ করে যাচ্ছি। এটি অত্যন্ত ভালো একটি প্রতিবেদন হয়েছে। আশা করছি, ভবিষ্যতে এটি সফলভাবে বাস্তবায়িত হবে।
এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এখনই প্রজ্ঞাপন (গেজেট) জারি করা সহজ বিষয় নয়। কারণ, গেজেট করতে হলে বাস্তবায়নের ক্ষেত্রে কোন খাতে কত টাকা দেওয়া হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। তাই আপাতত সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে।
নির্বাচনে গণভোট আয়োজন বাবদ সরকারের কত টাকা ব্যয় হয়েছে,এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট অঙ্ক তিনি এই মুহূর্তে জানেন না। তবে সরকারের মূল লক্ষ্য ছিল নির্বাচন যেন সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। এ জন্য প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হয়নি। নির্বাচন কমিশন যেসব অর্থ চেয়েছে, তা দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অতিরিক্ত অর্থের চাহিদাও পূরণ করা হয়েছে।
ভোটের প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে অর্থ দেওয়া হয়েছে কি না,এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন কমিশনকে অর্থ বরাদ্দ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা, রিটার্নিং কর্মকর্তাদের কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক ব্যয়ের জন্য। তবে ভোটের প্রচারণার জন্য আলাদাভাবে কোনো অর্থ দেওয়া হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি