স্টাপ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন করবে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ বছর বাংলা ইশারা ভাষা দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।
মন্ত্রণালয় জানায়, দিবসটি উপলক্ষে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, ইশারা ভাষার ব্যবহারকে আরও বিস্তৃত করা এবং সমাজের সর্বস্তরে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হবে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং ইশারা ভাষা বিষয়ক উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা ইশারা ভাষার স্বীকৃতি ও ব্যবহার বাড়লে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সেবামূলক কার্যক্রমে আরও সহজে সম্পৃক্ত হতে পারবেন। এ দিবসটি তাদের অধিকার ও সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
উল্লেখ্য, বাংলা ইশারা ভাষা দিবস পালন সরকারের প্রতিবন্ধী-বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
রিপোর্টার্স২৪/বাবি