| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের দিন ইন্টারনেট সচল না থাকলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২২:০৮:৪৪:অপরাহ্ন  |  ৮৪৮৫২৪ বার পঠিত
ভোটের দিন ইন্টারনেট সচল না থাকলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে এবং যদি কেউ ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। সভায় চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের পরিকল্পনা হলো নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট সচল রাখা। যদি কেউ ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, আমরা কঠোরভাবে আইনের আওতায় তাকে নিয়ে আসব। এটি আমাদের নির্বাচনের স্বচ্ছতা ও জনসাধারণের তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটি অনেক পুরনো হলেও, আমরা নির্বাচনকে সুষ্ঠু ও সমানভাবে আয়োজন করার চেষ্টা করছি। নির্বাচন অনুষ্ঠিত হবে সকল প্রার্থীর জন্য সমান সুযোগের ভিত্তিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। তাদের প্রিপারেশন খুব ভালো। যদি এই প্রস্তুতি অনুযায়ী কাজ এগোয়, নির্বাচন হবে সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর। তবে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে যে সহিংসতা তৈরি হচ্ছে, সেটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

তিনি ভোটকেন্দ্রে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এই মুহূর্তে যে সহিংসতাগুলো ঘটছে, তা মূলত দলের ভেতরের দ্বন্দ্ব থেকে উত্পন্ন হচ্ছে। তাই প্রতিটি দলের নেতা-কর্মীকে দায়িত্বশীল হতে হবে এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ অন্যান্য ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তারা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের নিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪