নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহত সবাই দিনমজুর আদিবাসী কৃষক।
নিহতরা হলেন সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যানচালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভ্যানচালক সমান্ত পাহান। জানা গেছে, সবার বাড়ি মহাদেবপুর উপজেলার নুরপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/এসএন