বাগেরহাট প্রতিনিধি: বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাগেরহাটে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রোববার(১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। একই কর্মসূচি আগামী সোমবার ও মঙ্গলবারও পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি পে-কমিশন গঠন করে এবং কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে পৌঁছেছে। কিন্তু গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতা এবং সরকারের জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে কমিশন বাস্তবায়ন না করার বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কর্মবিরতির ফলে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্বীকার করলেও কর্মচারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন। তবে সরকার যদি তাদের ন্যূনতম জীবনধারণের জন্য প্রয়োজনীয় বেতন নিশ্চিত না করে, তাহলে আর কতদিন ধৈর্য ধরে রাখা সম্ভব সে প্রশ্নই তারা তুলেছেন। বাধ্য হয়েই তারা রাস্তায় নামতে হয়েছে বলে জানান।
কর্মচারীরা আরও বলেন, সরকার দাবি বাস্তবায়ন করলে তারা সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন। একই সঙ্গে মৌলিক চাহিদা পূরণের জন্য ন্যূনতম বেতন নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল এবং কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফুর রহমান, হাবিবুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মচারী নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম