রিপোর্টার্স২৪ ডেস্ক: শেরপুরে সম্প্রতি সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানিয়েছেন, ডা. শফিকুর রহমান কবর জিয়ারতের পাশাপাশি রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পরে তিনি পৌর পার্কে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যেই জেলার ৫২টি ইউনিয়নের জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশগ্রহণের জন্য জড়ো হতে শুরু করেছেন।
শেরপুর জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব নিয়োজিত আছেন। শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম