| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় এলে কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৯:০৩:৪১:পূর্বাহ্ন  |  ৮০৮৮৩১ বার পঠিত
ক্ষমতায় এলে কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ

টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, এনসিপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে। ‘হিসাব দাও’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এসব তথ্য জনসমক্ষে উন্মুক্ত করা হবে বলে তিনি ঘোষণা দেন।

শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে। আমরা ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করব, ইনশাআল্লাহ। জনগণের টাকায় চলা রাষ্ট্রে জনগণের জানার অধিকার রয়েছে।

তিনি ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতের এসব ঘটনার সুষ্ঠু বিচার না হলে দেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব নয়।

নিজের দায়িত্বশীলতার উদাহরণ তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টার পদ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাসভবন ও ব্যবহৃত সকল সরকারি সরঞ্জাম যথাযথভাবে ফেরত দিয়েছেন। এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক জবাবদিহিতার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সাইফুল্লাহ হায়দারসহ এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ঘাটাইলের সড়ক অবকাঠামো উন্নয়নে ৩ কোটি ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ১১-দলীয় জোট সরকার গঠন করলে যুব সমাজকে দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তুলতে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের সংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪