ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। অন্যায়, অবিচার ও জুলুমের জবাব দেওয়ার নির্বাচন। জনগণ যদি যোগ্য প্রার্থী নির্বাচন করে, তাহলে আগামী পাঁচ বছর শান্তি ও উন্নয়নে এলাকা সমৃদ্ধ হবে। ভুল হলে আরও পিছিয়ে যাবে।বড় দলগুলোর মার্কা এখন আর সব নয়, মানুষ আজ অনেক সচেতন।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুরে এক নির্বাচনি সভায় তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বাস্তবতা বদলে গেছে, মানুষও বদলেছে। খাটের তলা থেকে উঠে মার্কায় চড়ে পাস হওয়া দিনের শেষ। এখন মানুষ জানে কে আন্দোলন করেছে, কে অন্যায়ের বিরুদ্ধে লড়েছে।
রুমিন ফারহানা সতর্ক করে বলেন, মানুষ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছে। সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেখা যাবে মানুষ কার পাশে আছে। তিনি আশুগঞ্জের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও পৌরসভা না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, যোগ্য নেতৃত্ব না থাকার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি সৎ ও যোগ্য প্রার্থীর ওপর গুরুত্বারোপ করেন এবং সংসদীয় অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
রুমিন ফারহানা ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে বলেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। কেউ জাল ভোট দিতে পারবে না বা ভোটারদের ভয়ে কেন্দ্র ত্যাগ করাবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ জেগে উঠেছে, তার অধিকারের বিষয়ে সচেতন। এই নির্বাচনে আমরা সবাই মিলে নতুন করে বাংলাদেশ গড়ব। ইনশাল্লাহ, বিজয়ে দেখা হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রিপোর্টার্স২৪/বাবি