| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৫:২৯:২৩:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। দেশটির পররাষ্ট্রনীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই দেশটির সম্পর্ক ভালো নয়। এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে।

তিনি বলেন, ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির চেষ্টা, দেশটির গণমাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন দেওয়া—সবকিছুই ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির প্রতিফলন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার কোনো বাধা দেবে কি না, এমন প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়ার বিষয়টি এখানে মুখ্য নয়। শেখ হাসিনা কীভাবে ফিরতে চান, সেটি তাঁর নিজের বিষয়। তবে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে সরকারের।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত কাউকে দেশে ফিরিয়ে আনার একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি অন্য কোনো উপায়ে ফিরবেন, সেটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়। প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তাঁর দেশে ফেরার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। কখনো বিমানে ফেরার কথা বলা হচ্ছে, আবার কখনো সীমান্ত এলাকা পরিদর্শনের খবর আসছে। ফলে তিনি আসলে কীভাবে দেশে ফিরতে চান, তা নিয়ে একধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে।

আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা ও তাঁর দলের নেতাদের আগে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। তাঁর মতে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পেরিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে স্বাভাবিক পরিবেশ ও রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু এই পরিস্থিতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলে তিনি মনে করেন।

তিনি দাবি করেন, বর্তমানে বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন, গুম কিংবা ব্যাংক লুটের মতো ঘটনার পরিবেশ নেই। বিগত সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনায় যে দুর্বলতা তৈরি হয়েছিল, সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে যাচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

তাঁর অভিযোগ, এসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন মহল চেষ্টা চালাচ্ছে।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়েছে—এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে ভারতের কিছু গণমাধ্যম। এর পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে পার্থ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দু-মুসলমানের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। অথচ বাংলাদেশে দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। তাঁর দাবি, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব চিত্রের সঙ্গে ভারতের কিছু গণমাধ্যমের প্রচারণার মিল নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। ভারতের ক্ষমতাসীন বিজেপি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এসব বিষয়কে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য ও সংবাদ প্রচারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ভারতের কিছু গণমাধ্যম নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার লক্ষ্যেই বাংলাদেশকে নিয়ে এমন প্রচারণা চালাচ্ছে। এসব সংবাদ ও বক্তব্য তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত বলে তিনি মনে করেন।

সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান পার্থ বলেন, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে এবং জনগণ কীভাবে তাদের ক্ষমতা থেকে সরিয়েছে, তা দেশের মানুষ জানে। বাংলাদেশে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে, সেটিও সবার কাছে স্পষ্ট। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যেখানে সুবিধা পাওয়া যাবে, দেশটি সেখানেই বাংলাদেশকে নিয়ে এমন অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪