| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১৮:১৭:২২:অপরাহ্ন  |  ৬৯৭ বার পঠিত
সমুদ্রে ভাসছে আইফোন ও দামি পারফিউম, কুড়াতে নৌকা নিয়ে হুড়োহুড়ি

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে নামিদামি ব্যান্ডের আইফোন ও সুগন্ধির (পারফিউম) বোতল। ভাসমান এসব মূল্যবান সামগ্রী কুড়িয়ে নিতে স্থানীয়দের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে নেমে পড়ার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাতে জানা গেছে, ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ নামক কনটেইনার জাহাজটি দুবাই থেকে প্রায় ২ হাজার ৫০০ কনটেইনার মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছিল। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) মতে, বুধবার আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ২১ জন ক্রুর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি তলিয়ে যাওয়ার পরপরই দামি সুগন্ধি ও আইফোনের বিপুল সংখ্যক প্যাকেট পানিতে ছড়িয়ে পড়ে। এরপরই ছোট ছোট নৌকায় করে স্থানীয় লোকজনকে ভাসমান পণ্যগুলো উদ্ধার বা সংগ্রহ করতে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।

তবে জাহাজটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল—তা নিয়ে বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, তাদের অনুমোদনহীন পথ দিয়ে প্রণালি অতিক্রম করার সময় সমুদ্র মাইনের আঘাতে জাহাজটি ডুবে যায়। অন্যদিকে, সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, কোনো অজ্ঞাত প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক) আঘাতে জাহাজে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তা তলিয়ে যায়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা অংশীদার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই কনটেইনার জাহাজটি ডুবে যাওয়ার এ ঘটনা ঘটল।

এক পৃথক ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম) জানিয়েছে, সম্প্রতি ওমান উপসাগরে নজরদারি চালানো ও মার্কিন নৌজাহাজকে লক্ষ্যবস্তু করার অভিযোগে ইরানঘনিষ্ঠ একটি ধাও জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। অবশ্য হামলার পূর্বেই সেটির ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪