| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক এক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ২৩:৩৬:৫৬:অপরাহ্ন  |  ৩৬৬ বার পঠিত
ময়মনসিংহে যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক এক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আসা ইউনাইটেড যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চইগ্য চাকমা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় আসিফ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের দক্ষিণ পাশে সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার চইগ্য চাকমার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার তেলেখোলা, বালুখালী এলাকায়। তাঁর বাবা মংছেচিং চাকমা এবং মা ছৈমাচিং চাকমা।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সরকারি গাড়িতে ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইউনাইটেড’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৫৫৩০ নম্বরের বাসটি মাসকান্দা বাসস্ট্যান্ডে পৌঁছালে থামানোর সংকেত দিয়ে গতিরোধ করা হয়।

পরে বাসের ই-১ আসনে বসে থাকা চইগ্য চাকমাকে তাঁর হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগসহ আটক করা হয়। বাসের চালক, সুপারভাইজার ও অভিযানে অংশ নেওয়া কর্মকর্তার উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ১২৫টি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া প্রতিটি প্যাকেটে একটি করে সবুজ রঙের ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ হাজার ৪০ পিস ইয়াবা, যার মোট ওজন ৫০৪ গ্রাম।

এ সময় গ্রেপ্তার ব্যক্তির পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ সিম্ফনি ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। ফোনটিতে ব্যবহৃত সিমের নম্বর ০১৯৩২৭৪৩৮০৮। উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোনের আনুমানিক মোট মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আন্ত:জেলা মাদক কারবারে জড়িত বলে জানা যায়। উদ্ধার করা ইয়াবাগুলো ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানার চরপাড়া এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(গ) অনুযায়ী মামলা দায়েরের জন্য কোতোয়ালি মডেল থানায় এজাহার দেওয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ  অভিযান পরিচালনা করেছি, পূজা উপলক্ষে আমাদের বিশেষ অভিযানে গত মাসেও ১১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে এবং পূজা উপলক্ষে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, একটি ইয়াবা ট্যাবলেটের ওজন ১ গ্রামের ১০ ভাগের ১ ভাগ, আমাদের কাছে এটার মূল্য না থাকলেও অথচ তিনশো থেকে পাঁচশত টাকায় বিক্রি হয়। আটককৃত ব্যাক্তির কাছে চার হাজারের উপরে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে আইনে আছে দুই হাজারের উপরে হলেই মৃত্যু দন্ড কিন্তু একসময় দেখা যাবে আইনের ফাঁকে এই অপরাধী বের হয়ে গিয়ে আবার ব্যবসা শুরু করবে। এজন্যই মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪