| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ১০:৫০:২৬:পূর্বাহ্ন  |  ৫৬২ বার পঠিত
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

অনলাইন ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত সীমিত সংখ্যক মানুষের জন্য সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

জাদুঘরে স্থান পেয়েছে ছাত্র-জনতার আন্দোলনের নানা স্মারক ও দলিল। এখানে প্রদর্শিত হচ্ছে শহীদ ও আহতদের স্মৃতিচিহ্ন, আলোকচিত্র, ভিডিও, গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন ডিজিটাল প্রদর্শনী।

প্রথম দিনের জন্য নির্ধারিত ৯০০টি টিকিট বুধবার বিকেল ৪টার মধ্যেই বিক্রি হয়ে যায়। এর আগে বুধবার সকালে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনটি স্লটে প্রবেশের সুযোগ

প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশ করতে পারবেন। অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

দর্শনার্থীদের জন্য তিনটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মর্নিং স্লটে সকাল ১১টা থেকে দুপুর ১টা, মিড-ডে স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর পরিদর্শন করা যাবে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিটে উল্লেখিত নির্ধারিত সময়েই কেবল মূল ভবনে প্রবেশ করা যাবে।

টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য আগাম টিকিট বুকিং বাধ্যতামূলক। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে দর্শনার্থীদের পরবর্তী দিনের খালি স্লট বেছে নিতে হবে।

কেন সীমিত প্রবেশ? জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, উদ্বোধনের শুরুতেই বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। এ কারণে প্রাথমিক পর্যায়ে সীমিতসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে।

উদ্বোধনের দিন উত্তেজনা উদ্বোধনের আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথম দিন জাদুঘরটি শুধু জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

তবে বুধবার টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ মূল ফটকের সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গেট না খোলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের কয়েকজন সদস্য গেটে ধাক্কা দেন এবং পরে তালা ভেঙে জাদুঘরের ভেতরে প্রবেশ করেন।

ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, দীর্ঘসময় বৃষ্টিতে অপেক্ষা করার পরও নির্ধারিত সময়ে গেট খোলা হয়নি। তাঁর দাবি, সময়মতো প্রবেশের ব্যবস্থা করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। পরে কয়েকজন আন্দোলনকারী উপস্থিত দর্শনার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। 

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪