| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৭:৫৪:১৫:অপরাহ্ন  |  ১৯৬২ বার পঠিত
ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবির সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষকে ইট–পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে উভয় পক্ষের নেতাকর্মীরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষে জড়ানো কয়েকজনের হাতে লোহার পাইপ ও লাঠি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষকে ধাওয়া–পাল্টাধাওয়া করতে দেখা গেছে। পরে তারা ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এর আগে আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজেও ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি, জিএস ও এজিএস, জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪