| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবেশ রক্ষায় ও নাগরিক সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৩:০৫:৪৮:অপরাহ্ন  |  ৩৪৭৪ বার পঠিত
পরিবেশ রক্ষায় ও নাগরিক সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আবর্জনামুক্ত, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগে নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ দেশের বিভিন্ন শহর, উপজেলা এমনকি গ্রামাঞ্চলের বাজার, সড়ক ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, টিস্যু, খাবারের প্যাকেটসহ নানা ধরনের বর্জ্য যত্রতত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। কয়েক দশক আগে এমন দৃশ্য এতটা সাধারণ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজের ঘর যেমন সবাই পরিষ্কার রাখতে চান, তেমনি দেশের পরিবেশও সবার সম্মিলিত দায়িত্ব। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে এবং যথাযথভাবে তা অপসারণের অভ্যাস গড়ে তুললে পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনি জনস্বাস্থ্যও সুরক্ষিত হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনি পুকুর, জলাশয় ও পার্কে জমে থাকা আবর্জনার চিত্র দেখেছেন। একসময় যেসব স্থানে মানুষ পরিবার নিয়ে সময় কাটাত, এখন সেখানে ময়লা-আবর্জনার কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। পার্ক বা উন্মুক্ত স্থানে ঘুরতে গিয়ে ব্যবহৃত প্লাস্টিক, খাবারের মোড়ক বা অন্যান্য বর্জ্য ফেলে না রেখে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ধীরে ধীরে একটি আবর্জনামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪