| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোশাক নিয়ে মন্তব্যের নিন্দা, ক্ষমা প্রার্থনার দাবি এনসিপি’র

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৯:০০:৩১:পূর্বাহ্ন  |  ৩০১৩ বার পঠিত
পোশাক নিয়ে মন্তব্যের নিন্দা, ক্ষমা প্রার্থনার দাবি এনসিপি’র

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। একই সঙ্গে তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে দলটি।

রোববার (১৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এনসিপি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে কোনো নারী জনপ্রতিনিধির পোশাক, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত পরিচয়কে বিদ্রুপ বা অবমাননার বিষয় হিসেবে উপস্থাপন করা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নয়, বরং দেশের সব নারীর মর্যাদা ও সম্মানের পরিপন্থি।

বিবৃতিতে নেতারা বলেন, সংসদে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষের বিষয় বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য সংসদীয় সংস্কৃতি ও নারীর প্রতি প্রয়োজনীয় সম্মানবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারা আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নারী তার নিজস্ব বিবেক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী পোশাক বেছে নেওয়ার অধিকার রাখেন। এই অধিকারকে সম্মান করা একটি গণতান্ত্রিক, সহনশীল ও মানবিক সমাজের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য।

এনসিপি বিবৃতিতে উল্লেখ করে, ব্যক্তিস্বাধীনতা ও পোশাক নির্বাচনের অধিকারের বিষয়টি সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের ক্ষেত্রে ডেপুটি স্পিকারের অবস্থান ইতিবাচক ছিল।

দলটি দাবি জানায়, মনিরুল হক চৌধুরী তার মন্তব্যের জন্য দেশের জনগণ, নারীসমাজ এবং সংশ্লিষ্ট নারী সংসদ সদস্যদের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। একজন জনপ্রতিনিধির বক্তব্য জনমনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে উল্লেখ করে এনসিপি বলেছে, অনভিপ্রেত মন্তব্যের দায় স্বীকার করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করা রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক জবাবদিহিতার অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যহীন ও মর্যাদাভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের ব্যক্তিস্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং মানবিক মর্যাদার প্রতি সমান সম্মান নিশ্চিত করা জরুরি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪