| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে সোহেলির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০২:৩৬:১৪:পূর্বাহ্ন  |  ৩১০৬ বার পঠিত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে সোহেলির মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত সোহেলি ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত সোহেলি ইসলাম গত রবিবার ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফেরার পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনায় আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে দিনাজপুর থেকে বাসে ঢাকায় এসে একমাত্র মেয়েকে নিয়ে ধানমন্ডির বাসার উদ্দেশে রিকশায় যাচ্ছিলেন সোহেলি। পথে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তাঁদের অনুসরণ করে। একপর্যায়ে পেছনে বসা এক ব্যক্তি সোহেলির ভ্যানিটি ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান।

এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। পরে কান দিয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের মামা সারওয়ার পারভেজ বলেন, কয়েক দিন আগে পার্বতীপুরে পারিবারিক অনুষ্ঠানে মেয়েসহ এসেছিলেন সোহেলি। অনুষ্ঠান শেষে শনিবার রাত ৯টার বাসে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পথে ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হন।

প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গণমাধ্যমের খবর থেকে বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখনো তারা থানায় কোনো অভিযোগ দেয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪