| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২২:৫৭:৫৬:অপরাহ্ন  |  ১৯৮৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানস্থল পরিদর্শন  করলেন  পরিবেশমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

পরিবেশমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক ও মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের উদ্বোধনী স্পটগুলো সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি বন বিভাগ এবং ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেল’-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রটোকল যথাযথভাবে অনুসরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আগামীকাল প্রধানমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলেও বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করবেন তিনি। সাম্প্রতিক সরকারি প্রস্তুতি ও সফরসূচি অনুযায়ী, এই কর্মসূচি দেশের বৃহত্তম সমন্বিত বৃক্ষরোপণ উদ্যোগগুলোর একটি হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন, বন বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অনুষ্ঠানস্থলসহ পুরো সফরসূচিকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি দুর্লভ ও ঔষধিগুণসম্পন্ন নাগলিঙ্গম গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি বৈলাম, গর্জনসহ আরও কয়েকটি দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষের চারাও প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণের জন্য ইতোমধ্যে দুই হাজার গর্ত প্রস্তুত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪