| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৩:৩৬:৪৩:অপরাহ্ন  |  ২৬৮ বার পঠিত
এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে গেল এপ্রিল মাসে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান। সংগঠনটি বলছে, তাদের দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। তবে প্রকৃত হতাহত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কারণ অনেক ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। একই সময়ে নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে—১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী ও শিশু। এর মধ্যে নিহতদের মধ্যে চালক, পথচারী, নারী ও শিশুদের সংখ্যাই বেশি।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৩৮ দশমিক ৫১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ৩১ দশমিক ৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক ৯৬ শতাংশ ফিডার সড়কে। এছাড়া ঢাকা মহানগরীতে ৫ দশমিক ৬৯ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে ০ দশমিক ৭৫ শতাংশ এবং রেলক্রসিংয়ে ০ দশমিক ৫৬ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল, মহাসড়কে আলোকসজ্জার অভাব, রোড সাইন ও ডিভাইডারের ঘাটতি, এবং দীর্ঘ সময় ধরে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো।

সংগঠনটি দুর্ঘটনা কমাতে একাধিক সুপারিশও দিয়েছে। এর মধ্যে রয়েছে—সড়কে প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, ফিটনেস ও লাইসেন্স প্রদানে কঠোরতা, দক্ষ চালক তৈরির প্রশিক্ষণ জোরদার, মহাসড়কে আলোকসজ্জা নিশ্চিত করা, সার্ভিস লেন নির্মাণ, চাঁদাবাজি বন্ধ করা, সড়ক নিরাপত্তা অডিট চালু করা এবং পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠা।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, কার্যকর উদ্যোগ না নিলে সড়ক দুর্ঘটনার এই ভয়াবহ চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪