স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পরোক্ষভাবে এসব আলোচনার কড়া জবাব দিয়েছেন।
সম্প্রতি দেওয়া ওই পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন তিনি, যার মর্মার্থ “গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা।” যদিও তিনি সরাসরি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এনসিপিতে যোগদানের গুঞ্জন ঘিরেই তার এই প্রতিক্রিয়া।
গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল, জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন শক্তিকে এক প্ল্যাটফর্মে আনতে গঠিত এনসিপিতে রুমিন ফারহানাসহ কয়েকজন পরিচিত মুখ যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তবে রুমিন ফারহানার সাম্প্রতিক অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, আপাতত তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং এ সংক্রান্ত খবরকে গুরুত্ব দিচ্ছেন না।
এদিকে এনসিপির পক্ষ থেকেও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তাদের আলোচনা চলছে, তবে রুমিন ফারহানার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি