| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৬:০৯:৪৬:অপরাহ্ন  |  ৩১০৬৯৭ বার পঠিত
নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমিশনাররা সরকারের নেক নজরের ওপর নির্ভরশীল থাকবেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের দয়ায় গঠিত হয়, তা কখনোই সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না।

পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চাইছে মূলত দুটি কারণে। প্রথমত, এই অধ্যাদেশে দুদককে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই অর্থ পাচার বা বড় দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা বা এজাহার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকার এই ক্ষমতাকে সংবেদনশীল বলছে।

দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত করার জন্য একটি বর্ধিত ও সম্পূর্ণ স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছিল। সরকার বলছে, এটি নিয়ে তাদের আরও নীতিগত সিদ্ধান্ত বা কনসালটেশন প্রয়োজন।

এ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি থানায় মামলা করা যায়, কিন্তু হাজার কোটি টাকার দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা নিয়ে আপত্তি তোলা অযৌক্তিক। প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘসূত্রতা অপরাধীদের প্রমাণ নষ্ট ও পালানোর সুযোগ তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতিবিরোধী সংস্থাকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হয়। কিন্তু স্বাধীন বাছাই কমিটির প্রস্তাব আটকে দেওয়ার মাধ্যমে সরকার এমন একটি দুদক গঠন করতে চাচ্ছে, যা সরকারের ওপর নির্ভরশীল হবে।

দুদকের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এটি অনেক সময় বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে স্বাধীন বাছাই কমিটি জরুরি।

সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনটি বাতিল না করে প্রয়োজন হলে সংসদে সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪