| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১১:০৪:৩৯:পূর্বাহ্ন  |  ৩১৯০০৮ বার পঠিত
হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: নীলফামারীর ডিমলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে এনসিপির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে সৃষ্ট এই বিশৃঙ্খলায় শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলম সুপার মার্কেট সংলগ্ন নবপ্রতিষ্ঠিত ‘ইনসাফ হাসপাতাল’-এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এনসিপির নতুন সদস্যদের যোগদান কর্মসূচিও ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত একদল চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং অনুষ্ঠানস্থলে তাণ্ডব চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অতিথি ও সাধারণ মানুষ দ্রুত স্থান ত্যাগ করেন।

ভাঙচুরে অভিযুক্ত পক্ষের দাবি, বিতর্কিত এক ব্যক্তির মালিকানাধীন বাড়ি ভাড়া নিয়ে হাসপাতালটি চালু করা হচ্ছে, যা তাদের মতে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা।

এ ঘটনায় এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ শাকিল প্রধান এবং যুবশক্তির নেতা মজিবুল ইসলামসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, স্থানীয় নেতাদের উপেক্ষা করে কিছু সুবিধাভোগী ব্যক্তি এই আয়োজন করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

অন্যদিকে আয়োজক ও উপস্থিত অতিথিরা ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। তাদের মতে, জনকল্যাণমূলক একটি উদ্যোগকে কেন্দ্র করে এমন সহিংসতা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও এনসিপির জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, তার অনুমতি ছাড়াই ব্যানারে নাম ব্যবহার করা হয়েছে। এমনকি নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ পদবি যুক্ত করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুজ্জামান দর্পণসহ জেলা ও উপজেলার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪