গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে এই উদ্যোগকে নগর উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া দখলমুক্ত করে গড়ে তোলা হবে আধুনিক ওয়াকওয়ে, কমবে জলাবদ্ধতা।
মঙ্গলবার (৩১ মার্চ) নগরীর তিতাস গেট এলাকায় খালে মাটি কাটার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটিতে মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়। চিলাই খালটি নগরীর গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এটিকে দ্রুত সংস্কার করে দৃষ্টিনন্দন রূপ দেওয়া হবে।
তিনি আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে খালের পানিতে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নিঃসরণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন,খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান সম্ভব হবে ও নগরের পরিবেশ এবং নান্দনিকতাও উন্নত হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেছেন।
একই দিনে আরো উদ্বোধন করেন গাজীপুর চৌরাস্তায় ড্রেনে জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে আরসিসি সড়ক নির্মাণ কাজ। এসব প্রকল্প নগরের পরিচ্ছন্নতা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/মিতু