স্টাফ রিপোর্টার: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যেসব প্রকল্প প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ চিহ্নিত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষি উৎপাদন টেকসই রাখতে জমির উর্বরতা পুনরুদ্ধার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির অম্লতা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে, যা একদিকে মাটির ক্ষতি করছে, অন্যদিকে কৃষি উৎপাদন ব্যয়ও বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাটির অম্লতা কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অগ্রগতি ৪২ দশমিক ১৮ শতাংশ।
সভায় কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি