গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়িতে ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৩০ মার্চ) রাতে কোনাবাড়ির বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টার দিকে বিজিবির একটি দল ওই ফিলিং স্টেশনে অভিযান চালায়। এ সময় পাম্প থেকে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখা হয়েছিল, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুত ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি