| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কওমি কৃতি শিক্ষার্থীদের জন্য ৩টি ওমরাসহ ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৪:০০:২৪:অপরাহ্ন  |  ৩৪৭৪৯১ বার পঠিত
কওমি কৃতি শিক্ষার্থীদের জন্য ৩টি ওমরাসহ ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন ও উচ্চতর গবেষণায় উৎসাহ দিতে ৩টি ওমরার সুযোগসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সোমবার (৩০ মার্চ) সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, প্রতি বছর দেশের কওমি মাদ্রাসা থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করলেও তাদের মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণায় উদ্বুদ্ধ করার উদ্যোগ তুলনামূলকভাবে কম। পাশাপাশি পড়াশোনার শেষ ধাপে এসে অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনার সুযোগও সীমিত।

এই প্রেক্ষাপটে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রাম ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিসে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজপ্রাপ্ত ৫০০ জন আলেম-আলেমাকে আবেদনের ভিত্তিতে এই সংবর্ধনা দেওয়া হবে।

পুরস্কার কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন পাবেন ওমরার সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব। চতুর্থ স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব। এভাবে মোট ৫০০ জন শিক্ষার্থীকে নম্বরের ভিত্তিতে ৪৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

এছাড়া প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। পাশাপাশি ইবনে সিনা ও আদ-দ্বীন হাসপাতাল-এর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড প্রদান করা হবে। ছাত্রীদের ক্ষেত্রেও আবেদন করার সুযোগ থাকছে, তবে তাদের পুরস্কার গ্রহণ করবেন সংশ্লিষ্ট পুরুষ অভিভাবক।

সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রামে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ছাড়া কাউকে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে শীর্ষস্থানীয় আলেমরা তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ নাসিহা ও দিকনির্দেশনা প্রদান করবেন।

আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় আস-সুন্নাহ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের সুযোগ থাকবে ৫০০ জনের। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৬।

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ কওমি শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক প্রেরণা জোগাবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪