| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালি পেরিয়ে দেশে এলো প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৮:৫৮:৪৩:অপরাহ্ন  |  ৩৫৫৮৪২ বার পঠিত
হরমুজ প্রণালি পেরিয়ে দেশে এলো প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে একটি এলপিজিবাহী ট্যাংকার। শিপিং সংশ্লিষ্টদের মতে, যুদ্ধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে প্রবেশ করেছে।

জানা গেছে, ‘এমটি বিডাব্লিউইকে বোর্নহোম’ নামের ট্যাংকারটি ওমান থেকে ৩ হাজার ৮০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসে। চালানটির আমদানিকারক স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড।

বিএম এনার্জির নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মইনুল আহসান খান বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তাদের সহযোগিতায় এই চালানটি আনা সম্ভব হয়েছে। এ ছাড়াও আমাদের এপ্রিল মাস পর্যন্ত গ্যাস মজুত রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সংকট কাটাতে এর মধ্যে বিকল্প উৎস থেকেও গ্যাস সংগ্রহ করার চেষ্টা অব্যাহত রয়েছে।’

ট্যাংকারটির স্থানীয় প্রতিনিধি সি-সাইড ট্রেডার্সের কর্ণধার হুমায়ুন কবীর জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহে ওমানের দুকম বন্দর থেকে যাত্রা করে জাহাজটি প্রথমে শ্রীলঙ্কায় যায়। সেখানে আংশিক খালাস শেষে সীতাকুণ্ডে এসে বাকি এলপিজি খালাস করে। গত শুক্রবার (২৭ মার্চ) খালাস শেষে ট্যাংকারটি ফিরে গেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এতে পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে বাংলাদেশগামী অন্তত দুটি জ্বালানিবাহী ট্যাংকার এখনো ওই অঞ্চলে আটকে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪