জ্যেষ্ঠ প্রতিবেদক : হঠাৎ করেই সচিবালয়ে গিয়ে একাধিক মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান।
নিজ দপ্তরে সরাসরি না গিয়ে গাড়ি থেকে নেমে হেঁটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে একই ভবনের বিভিন্ন তলায় উঠে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।
এরপর তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।
এদিনও অন্যান্য দিনের মতোই প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে। সকালে কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/আরকে