রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ১০ এপ্রিলের মধ্যেই আগ্রহী সংসদ সদস্যদের জন্য বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ঈদ বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের দাপ্তরিক ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই দ্রুত সময়ের মধ্যে বাসা বরাদ্দ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
বৈঠকে সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া সাম্প্রতিক কারিগরি সমস্যাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। গত ১২ মার্চ সংসদের উদ্বোধনী অধিবেশনের দিন সাউন্ড সিস্টেমে হঠাৎ বিভ্রাট সৃষ্টি হয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি জানান, এই সমস্যাটি শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি নাকি পরিকল্পিত কোনো ঘটনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি বিশ্লেষণে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনের দিনই চিফ হুইপের নেতৃত্বে ১১ সদস্যের একটি সংসদ কমিটি গঠন করা হয়। এই কমিটির দায়িত্ব হচ্ছে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করা।
আজকের বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম