গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। রবিবার (১০ মে) ভোররাতে জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রবিবার রাতে একদল চোর ট্রাক নিয়ে বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধাওয়া দিয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।
এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিনজন নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল; তারা পালিয়ে গেছে। এলাকাবাসী তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে।”
রিপোর্টার্স২৪/এসএন