নারায়ণগঞ্জ সংবাদদাতা: রায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
রবিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় হাসপাতালে পাঠান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে ছিল। সকালে বাসার সদস্যরা লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সালমা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ এবং কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন