রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াত আমির আরও উল্লেখ করেছেন, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছেন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করা হয়।
তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ও শক্তি প্রদানের দোয়া করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা এবং পরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/ঝুম