রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথেই আদায় করা হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে তা মাঠে বাস্তবায়িত হবে। এটি রাজনৈতিক সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দুটি বিষয়ই অপরিহার্য। কিন্তু এখনও জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের আমরা ন্যায্য বিচার দিতে পারিনি।
‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, গতকাল শহীদ মিনারে এই স্লোগান দেওয়া হয়েছে, যা সরকারের তত্ত্বাবধানে হয়েছে বলে মনে হচ্ছে। এতে আমাদের সন্দেহ বাড়ছে যে নির্বাচন কোনো ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেব না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের নিয়ন্ত্রণে আনতে হবে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আবারও রাজপথে নামার ঘোষণা দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ এখনো প্রস্তুত আছে। শুধু একটি সংকেতের অপেক্ষা। যদি প্রয়োজন হয়, আমরা আবার আন্দোলনে নামব।
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সংসদে বিরোধী দলের বক্তব্য দেওয়া হলেও সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। ভারতীয় চুক্তির বিষয়েও কার্যকর পদক্ষেপ নেই।
সবশেষে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।
রিপোর্টার্স২৪/ঝুম