স্টাফ রিপোর্টার: রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে নাগরিকদের কাছ থেকে সরাসরি তথ্য চেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।
ডিএনসিসি জানায়, জনগণের মতামত ও তথ্যের ভিত্তিতে ফুটপাত দখলের প্রকৃত চিত্র তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য। নাগরিকদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হবে এবং সেই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
পোস্টটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই প্রায় পাঁচ হাজার মন্তব্য জমা পড়ে। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এলাকার ফুটপাত দখলের চিত্র তুলে ধরেন এবং নির্দিষ্ট স্থান উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের দেওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ এবং উচ্ছেদ কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি