রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন বিনোদনের জন্য মেট্রোরেলে চড়তে আসা নগরবাসী সব মিলিয়ে স্টেশনজুড়ে তৈরি হয়েছে প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২৩ মার্চ) মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি স্টেশনেই যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
বিশেষ করে প্রথমবার মেট্রোরেলে চড়তে আসা যাত্রীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বাংলাদেশ সচিবালয় স্টেশনে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সঙ্গে আসা কয়েকজন শিশু জানায়, মেট্রোরেলে চড়ার আনন্দে তারা আগের রাতে ঘুমাতেই পারেনি। তারা চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছে এবং ফেরার পথেও মেট্রোরেল ব্যবহার করবে।
কুমিল্লা থেকে আসা সানজিদা খানম বলেন, বিয়ের পর থেকেই মেট্রোরেলে চড়ার ইচ্ছা ছিল। ঈদের ছুটির সুযোগে স্বামীর সঙ্গে সেই ইচ্ছা পূরণ করতে এসেছেন তিনি।
উত্তরা থেকে মতিঝিলে আসা এক যাত্রী জানান, যাত্রী চাপ থাকলেও কোথাও বিশৃঙ্খলা নেই। বরং নতুন যাত্রীদের আনন্দ-উচ্ছ্বাস পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
অন্যদিকে গাজীপুর থেকে আসা এক ব্যবসায়ী বলেন, জীবনে প্রথমবার মেট্রোরেলে ভ্রমণ করে তিনি দারুণ অভিজ্ঞতা পেয়েছেন। শিশুদের উচ্ছ্বাস দেখে নিজের শৈশবের কথাও মনে পড়ে গেছে তার।
স্টেশন সংশ্লিষ্টরা জানান, ঈদের পরদিন থেকেই যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে মতিঝিল থেকে প্রতি ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার বিষয়ে জানানো হয়, প্রতিটি স্টেশনে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক নজরদারির কারণে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
সব মিলিয়ে, ঈদের ছুটিতে মেট্রোরেল এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং নগরবাসীর জন্য এক আনন্দঘন অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম